ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিল ও মরক্কোর

ব্রাজিল বনাম মরক্কো
ব্রাজিল বনাম মরক্কো | ছবি: রয়টার্স
0

ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলেও প্রথম ম্যাচে জয়ের দেখা পেলো না ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে সমতায় করতে হলো পয়েন্ট ভাগাভাগি। তাই ড্র দিয়েই নিজেদের ফিফা বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোল সমতায় শেষ হয়ে অনেকটাই হতাশ করেছে দর্শকদের।

বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ হেরেছিলো ১৯৩৪ সালে। এরপর আর কখনোই হার দিয়ে আসর শুরু করেনি সেলেসাওরা। অন্যদিকে নিজেদের খেলা আগের ছয় আসরে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সি গ্রুপের লড়াইয়ে বদলায়নি গল্প। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল শুরু থেকেই ছিল ছন্নছাড়া। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারতো মরক্কো। ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে শট নেন মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

কাউন্টার অ্যাটাক থেকে ডি-বক্সে দারুণ সুযোগ পেয়েছিলো ব্রাজিলও। সতীর্থের দেয়া লফটেড পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়ে উঠলেও বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ করতে পারেননি এই স্ট্রাইকার। ম্যাচের ২১ মিনিটে মরক্কোকে আনন্দে ভাসান ইসমাইল সাইবেরি। রাহিম দিয়াজের থ্রু পাস আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করেন এ ফরোয়ার্ড।

গোল হজমের পর নিজেদের কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল। ম্যাচে ফিরতে সেলেসাওরা সময় নেয় ১১ মিনিট। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দর্শনীয় শটে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচটা গোল দিয়েই মাতান রিয়াল মাদ্রিদ তারকা। সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল।

প্রথমার্ধে মরক্কো দাপট দেখালেও বিরতি থেকে ফিরে ছন্দ খুঁজে পায় ব্রাজিল। দু’দলই বেশ কিছু জোরালো আক্রমণ করে। তবে রাফিনহা-ভিনিরা যেমন বুনোকে পরাস্ত করতে পারেননি, তেমনই আলিসন দেয়াল আর ভাঙতে পারেননি হাকিমি-দিয়াজরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।

এসএস