পর্তুগাল দলে কোনো বিভক্তি নেই, সব বাইরের আলোচনা: রুবেন দিয়াজ

পর্তুগাল ফুটবল দলের ডিফেন্ডার রুবেন দিয়াজ
পর্তুগাল ফুটবল দলের ডিফেন্ডার রুবেন দিয়াজ | ছবি: সংগৃহীত
0

সামাজিক যোগাযোগমাধ্যমে যাই হোক না কেন, পর্তুগাল দলে কোনো বিভক্তি নেই বলে জানিয়েছেন দলের ডিফেন্ডার রুবেন দিয়াজ। ক্রিস্টিয়ানো রোনালদো এবং হোয়াও নেভেসকে নিয়ে আলোচনাকে বাহ্যিক আওয়াজ হিসেবেই উল্লেখ করেছেন পর্তুগালের নাম্বার থ্রি।

পর্তুগালের ড্রেসিংরুমে অশান্তি। কঙ্গো ম্যাচে অনেকটা নির্বিকার রোনালদো ডুবিয়েছেন দলকে। নিজে সুযোগ মিস করেছেন। সতীর্থদেরও স্বাভাবিক খেলায় ছিলেন বাধার প্রাচীর। ম্যাচের পরেও রোনালদোকে নিয়ে চলছে চর্চা। তরুণ মিডফিল্ডার হোয়াও নেভেসের মন্তব্যে বিভক্ত দলের ড্রেসিংরুম। দলের প্রয়োজনে রোনালদোকে বাকি দশজনের মতো বলে উল্লেখ করে রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছে তরুণ এই মিডফিল্ডারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেভেসের বান্ধবীর ছবির নিচে নেতিবাচক মন্তব্যের ঝড়ও দেখা গিয়েছে। ভিতিনিয়া আর ব্রুনো ফার্নান্দেজকে নিয়েও চলছে ব্যাপক সমালোচনা। এমনসব আলোচনার মাঝে পর্তুগিজ ড্রেসিংরুমে জমেছে শঙ্কার মেঘ। যদিও এসব আলোচনাকে বাহ্যিক আওয়াজ উল্লেখ করেছেন ডিফেন্ডার রুবেন দিয়াজ। জাতীয় দলে থাকা অবস্থায় এসব আলোচনা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ না বলেও মন্তব্য অভিজ্ঞ এই ডিফেন্ডারের।

আরও পড়ুন:

পর্তুগাল ফুটবল দলের ডিফেন্ডার রুবেন দিয়াজ বলেন, আমি আগেই বলেছি এটা আলোচনার বিষয় না। এটা বাইরের আলাপ, যা সবসময়ই চলে। এসব আলাপ প্রতিযোগিতার অনফশ। জাতীয় দলের কিংবা যাদের সঙ্গে খেলছি তাদেরও অংশ এটি। কিন্তু তারপরও বলবো এটা কেবলই বাহ্যিক আলাপ। যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না।

অবশ্য এসব আলোচনাকে স্বাভাবিক উল্লেখ করলেও রোনালদোকে আলাদা মানতে নারাজ না রুবেন দিয়াজ নিজেও। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি বৈশ্বিকভাবে আলাদা নজর থাকলেও এই মুহূর্তে পর্তুগালের সবার ওপরেই নজর আছে, এমনই দাবি তার।

পর্তুগাল ফুটবল দলের ডিফেন্ডার রুবেন দিয়াজ বলেন, অবশ্যই ক্রিসের দিকে অনেক আকর্ষণ থাকে। তবে আমি মনে করি এরকম একটা সময়ে আমাদের সবার ওপরেই নজর থাকে। অবশ্য সবকিছুর ওপর বলতে চাই আমি অস্বাভাবিক কিছু হওয়া পছন্দ করি না। আমি যতদিন ছিলাম পরিস্থিতি এমনই ছিলো। ভবিষ্যতেও এমনই থাকবে বলে বিশ্বাস করি। তাই এখানে নতুন কিছু হচ্ছে না।

এতকিছুর পরেও রোনালদোকে নিয়েই পরের ম্যাচে মাঠে নামতে পারে পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্তিনেজ আগেই দিয়েছেন সে আভাস। তবে, সেটা দলের ড্রেসিংরুমে কতটা প্রভাব ফেলবে, সেটাও আলোচনার কেন্দ্রে।

ইএ