ফ্রান্স ইউরোপের সেরা দল হলেও বিশ্বের সেরা দল স্পেন: লুইস দে লা ফুয়েন্তে

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে | ছবি: সংগৃহীত
0

ফ্রান্স ইউরোপের সেরা দল হতে পারে, কিন্তু বিশ্বের সেরা দল স্পেন- সেমিফাইনালে জয়ের পর এমনই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফ্রান্সকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লা রোহা।

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে স্পেন। এর আগে ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশনস লিগের ফাইনালেও ফরাসিদের হারিয়েছিল লা রোহা। বড় মঞ্চে দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে তাই স্পেনের আধিপত্য এখন স্পষ্ট।

ম্যাচ শেষে দলের সাফল্যের রহস্য জানিয়েছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার ভাষায়, প্রায় চার বছর আগে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে পথচলা শুরু করেছিল স্পেন। সেই পরিকল্পনা ও দর্শনের প্রতিই আস্থা রেখেছে দল, আর তারই ফল মিলছে মাঠে।

ফ্রান্সকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লা রোহা। ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে তারা।

কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, আজ আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল। এটাই পার্থক্য।

স্পেনের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁম।

কোচ দিদিয়ের দেশঁম বলেন, স্পেন আজ আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা নিজেদের সেরা ফুটবল খেলতে পারিনি এবং অনেক টেকনিক্যাল ভুল করেছি। এই হার আমাদের জন্য খুবই হতাশার। তবে খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। এখন আমাদের লক্ষ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভালো ফল করা।

স্পেনের মিডফিল্ড নিয়ন্ত্রণ ও কৌশলগত ফুটবলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। পাশাপাশি, রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন দেশম। অন্যদিকে এই জয়ে নিজের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন দে লা ফুয়েন্তে।

এখন স্পেনের সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি। ফাইনালে জয় পেলেই মুকুটে যোগ হবে আরেকটি বিশ্ব শিরোপা।

ইএ