ডার্বি নয়, শেষ মুহূর্তে হামজাকে দলে ভিড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

হামজা চৌধুরী
হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
0

শেষ মুহূর্তে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড। গত কয়েকদিন ধরেই ডার্বি কাউন্টির সঙ্গে আলোচনা চললেও হামজার সঙ্গে চুক্তি ছিনিয়ে নিচ্ছে দ্য ব্লেডসরা। ২৪ ঘণ্টার এক নাটকীয় দলবদলে নিজের পুরনো ডেরায় ফিরছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

গেল কয়েকদিন ধরেই বারবার আলোচনা ছিল ডার্বি কাউন্টিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তৃতীয় বিভাগে নেমে যাওয়ার পরই বেতনের চাপ কমাতে হামজাকে বিক্রি করতে চেয়েছিল দ্য ফক্সেস। সেই সুবাদেই তাকে দলে নিতে আগ্রহ দেখায় ডার্বি কাউন্টি। দলের কোচ জন ইউস্টেস নিজেও বিবিসি স্পোর্টস ডার্বিকে বলেছিলেন, হামজা চৌধুরীর অভিজ্ঞতা তাদের দরকার।

তবে ২৪ ঘণ্টার ব্যবধানে এই দলবদলে নিয়েছে নাটকীয় মোড়। নিজের সাবেক শিষ্যকে ডার্বির হাতে ছাড়তে নারাজ শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ইংলিশ চ্যাম্পিয়নশিপে সোয়ানসি সিটির বিপক্ষে রাইট ব্যাক ফেমি সেরিকি ইনজুরিতে পড়ার পরেই হামজাকে দলে নিতে মরিয়া হয়ে ওঠেন ওয়াইল্ডার। সাবেক টটেনহাম তারকা ম্যাট ডোহার্টি দলে থাকার পরও হামজাকেই পছন্দ ওয়াইল্ডারের। এর আগে গেল মৌসুমে ধারে হামজাকে নিজের দলে নিয়েছিলেন অভিজ্ঞ এই কোচ।

ডার্বি কাউন্টিতে হামজার দলবদল ছিনতাইয়ের খবর প্রথম প্রকাশ্যে আনেন ব্রিটিশ সাংবাদিক পিট ও রোর্ক। সবশেষ রোববার ব্রিটিশ গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, দলবদলের দ্বারপ্রান্তে হামজা চৌধুরী। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, দলবদলের শেষ ধাপ হিসেবে আজই মেডিকেল টেস্ট দেবেন হামজা। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই শেফিল্ডে যোগ দেবেন বাংলাদেশের নাম্বার এইট।

এএম