ওয়াশিংটনকে ৭ দিনের সময়সীমা ও রোডম্যাপ দিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানো এবং মাত্র সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে ওয়াশিংটনকে একটি রোডম্যাপ বা রূপরেখা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও রাজনৈতিক গবেষকদের এক দলীয় সভায় আব্বাস আরাঘচি বলেন, যুদ্ধ বন্ধে এই সুনির্দিষ্ট প্রস্তাবটি মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত রূপরেখাটি মূলত গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলোর ওপর ভিত্তি করে তৈরি। এর মধ্যে রয়েছে সামরিক শত্রুতা বা হামলা পুরোপুরি বন্ধ করা এবং পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া।

আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন এই প্রস্তাবে সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই রূপরেখাটি বাস্তবায়ন শুরু করতে ইরান প্রস্তুত রয়েছে। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

এএম