নেত্রকোণা সীমান্তে মানবপাচারকারীসহ তিনজন আটক

মানবপাচারকারীসহ আটক ৩
মানবপাচারকারীসহ আটক ৩ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে এক মানবপাচারকারীসহ মোট তিনজনকে আটক করেছে বর্ডারগার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির সদস্যরা।

আটকদের মধ্যে দুই যুবক বাংলাদেশি নাগরিক। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে দুর্গাপুর থানার ভবানীপুর গ্রাম (ভবানীপুর বিওপির টহল দল কর্তৃক) দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করে।

আটকরা হলেন, মানব পাচারকারী দুর্গাপুরের ভরতপুর গ্রামের এনফট নকরেকের ছেলে সিলভার সাংমা এবং বাংলাদেশি নাগরিক খালিয়াজুরীর কুলপতাক গ্রামের শশিমন সরকারের ছেলে প্রান্ত সরকার (২০), ও শালদিঘা গ্রামের শশিমন সরকারের ছেলে নিউটন সরকার (২০)।

তাদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। শনিবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তিরা ২ মাস আগে দালালের মাধ্যমে ভারতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। শনিবার (১০ অক্টোবর) অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় ধরা পড়েন।

পাচারকারী সিলভার সাংমার বিরুদ্ধে পূর্বেও মানব পাচারের মামলা রয়েছে (মামলা নম্বর ০৯/২০২৬, ০৬ জুন ২০২৬)। সিলভার এর আগেও এক নারী পাচারের সময় আটক হয়েছিলো।

এএইচ