ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় আবাসিক ভবনে রাশিয়ার বিমান হামলা, নিহত অন্তত ১৫

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ বাহিনীর গ্লাইড বোমা হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবন
ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ বাহিনীর গ্লাইড বোমা হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবন | ছবি: গেটি ইমেজস
0

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়ার পাঁচটি গ্লাইড বোমা হামলায় তিন শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। দেশটির জরুরি সেবা বিভাগ জানায়, হামলায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় উদ্ধার তৎপরতা চলছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বোমার আঘাতে বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন ৮০ জনের বেশি উদ্ধারকর্মী। ঘটনাস্থল থেকে জাপোরিঝঝিয়ার ভারপ্রাপ্ত মেয়র রেগিনা খারচেঙ্কো বলেন, ‘ভবনটির নিচতলায় আঘাত হানার পরই ওপরের তলাগুলো ধসে পড়ে।’ নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ ঘটনাকে পুরো শহরের জন্য গভীর শোক বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল আমদানির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় জাপোরিঝঝিয়ায় এ হামলা চালাল মস্কো। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের এ চুক্তির তীব্র সমালোচনা করে একে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উপহার আখ্যা দেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘চাপ কমানোর যেকোনো পদক্ষেপকে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা হিসেবে বিবেচনা করে রাশিয়া। যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়াকে ক্ষয়ক্ষতি উপলব্ধি করতে হবে।’ এ ছাড়া রাতে আরও ১৩টি অঞ্চলে রুশ হামলার কথা জানিয়ে তিনি বলেন, এসব হামলার জবাব দেয়া হবে।

রণাঙ্গন থেকে ১৬ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত সাত লাখ বাসিন্দার শহর জাপোরিঝঝিয়ায় প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সাম্প্রতিক সময়ে শহরটিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্রতা বেড়েছে। এর আগে বৃহস্পতিবার দোনেৎস্কের ক্রামাতোরস্কে দুটি বাসে রুশ বিমান হামলায় অন্তত ৩৩ জন এবং তার আগের দিন প্রিলুকি শহরে আবাসিক ভবনে হামলায় পাঁচ শিশুসহ ২২ জন নিহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এএম