শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট

এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের পোস্টার
এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের পোস্টার | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের কর্পোরেট গলফ অঙ্গনের আয়োজনে আগামী শনিবার (৮ আগস্ট) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট। জলসিঁড়ি গলফ ক্লাবে আয়োজিত হতে চলা এ প্রতিযোগিতায় অংশ নেবেন শীর্ষ কর্পোরেট নির্বাহী, ব্যবসায়িক নেতা, উদ্যোক্তা, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট গলফ খেলোয়াড়রা।

টুর্নামেন্টকে সামনে রেখে দ্য গলফহাউজের ডিরেক্টর, বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি কে. বি. এম. নাসিরুজ্জামান বলেন, ‘এক্সিকিউটিভ কাপ এখন আর শুধু একটি গলফ টুর্নামেন্ট নয়, এটি এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা বোর্ডরুমের গণ্ডি পেরিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক সম্পর্ক এবং গলফের প্রতি অভিন্ন ভালোবাসার মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পান। এ বছরের আয়োজনে অংশগ্রহণকারী সবাইকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।’

প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন এবং বিজয়ীদের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ও সম্মাননা দেয়া হবে। টুর্নামেন্টজুড়ে থাকবে বিভিন্ন অন-কোর্স এক্সপেরিয়েন্স, ব্র্যান্ড অ্যাক্টিভেশন এবং ইভেন্ট পার্টনারদের বিশেষ আয়োজন, যা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা।

আরও পড়ুন:

এক্সিকিউটিভ কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে। এতে টুর্নামেন্টের অংশগ্রহণকারী, আমন্ত্রিত অতিথি, কর্পোরেট অংশীদার, সরকারি প্রতিনিধি এবং বাংলাদেশের গলফ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ীদের সম্মাননা দেয়া হবে।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে একই সন্ধ্যায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গলফহাউজ গলফ অ্যাওয়ার্ডস ২০২৬। এই নতুন বার্ষিক উদ্যোগের মাধ্যমে গলফের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত ব্যক্তি এবং কৌশলগত অংশীদারদের সম্মানিত করা হবে। গলফহাউজের লক্ষ্য, এই আয়োজনকে ভবিষ্যতে বাংলাদেশের গলফ অঙ্গনের সর্বোচ্চ বার্ষিক সম্মাননায় পরিণত করা।

এ আয়োজনের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘এখন টেলিভিশন’।

এসএইচ