Recent event

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলা: ২২ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা
হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা | ছবি: এখন টিভি
0

নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন দিয়েছে আদালত। একই মামলায় আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ৪ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ৬ আগস্ট) দুপুর ১২টায় মামলার রায় প্রদান করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌসুলি সাব্বির আহম্মেদ এবং আসামি পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দুরুল হুদা (পলাতক), মো. সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম, মো. ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মো. আলিম ওরফে আলম। মামলা থেকে খালাস পেয়েছেন, রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছাঃ কহিনুর বেগম, মোছাঃ মরিয়ম বিবি এবং মোছাঃ কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালে ৩০ আগস্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশিয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন ও আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালীন সায়েদা নামে এক আসামি মারা যান।

এএইচ