নারায়ণগঞ্জে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৩

আটক হওয়া ব্যক্তি
আটক হওয়া ব্যক্তি | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতের সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে অস্ত্রটি গুলিসহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল (সোমবার, ৯ মার্চ) সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আটককৃত ব্যক্তিরা হলেন— শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১)।

আরও পড়ুন:

সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ভোর রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এফএস