ঈদের আনন্দ রূপ নিলো বিষাদে; মালদ্বীপে নিহত নুরনবীর বাড়িতে শোকের মাতম

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড | ছবি: সংগৃহীত
0

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা এলাকার নুরনবী সরকার। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ দ্রুত দেশে এনে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তরের দাবি স্থানীয়দের।

প্রায় দশ বছর প্রবাস শেষে ঈদের পর বাড়ি ফেরার কথা ছিলো নুরনবী সরকারের। দীর্ঘদিন পর বাড়ি ফেরার খবরে আনন্দিত পরিবারের সদস্যরা নিচ্ছিলেন নানা ধরনের প্রস্তুতি। এরইমধ্যে খবর আসে নুরনবী জীবিত ফিরছেন না, দেশে ফিরবে তার মরদেহ। হঠাৎ এমন খবরে দিশেহারা পরিবারের সদস্যরা জানেন না কোন প্রক্রিয়ায় আনতে হবে মরদেহ।

আরও পড়ুন:

প্রবাসে থেকে পরিবার ও দেশের জন্য স্বপ্নবোনা নুরনবী সরকারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসীর দাবি দ্রুত দেশে আনা হোক তার মরদেহ। পরিবারের সদস্যরা জনান, মরদেহ দেশে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাদের সাথে যোগাযোগ করেনি স্থানীয় প্রশাসনের কেউই।

উল্লেখ্য, পরিবারের আর্থিক সচ্ছলতার প্রত্যাশায় নুরনবী ২০১৬ সালে পাড়ি জমিয়েছিলেন মালদ্বীপের দ্বিগুরা আইল্যান্ডে।

ইএ