গ্রিসের রাজধানীতে বিস্ফোরণে ধসে পড়লো ভবন, নিহত ২

বিস্ফোরণের পর আংশিক ধসে পড়া পুরোনো একটি ভবনের ওপর থেকে তোলা দৃশ্য
বিস্ফোরণের পর আংশিক ধসে পড়া পুরোনো একটি ভবনের ওপর থেকে তোলা দৃশ্য | ছবি: সংগৃহীত
0

গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রস্থলের একটি পর্যটন এলাকায় আবাসিক ভবনে বিস্ফোরণের পর তা ধসে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার প্লাকা এলাকায় আক্রোপোলিস ও জিউসের মন্দিরের কাছে অবস্থিত দোতলা ভবনটিতে এই বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন এবং আশপাশের ঘরবাড়ি, দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ অন্তত তিন ব্লক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ধ্বংসস্তূপ সরানোর সময় শনিবার এক পুরুষ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভবনের একটি ফ্ল্যাটে থাকা এক প্রবীণ দম্পতি এবং অন্য একটি ফ্ল্যাটে অবস্থান করা চার মার্কিন পর্যটক। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে বিমান ধরার কথা থাকলেও ওই পর্যটকেরা সেখানে উপস্থিত হননি।

উদ্ধারকাজে ভারী সরঞ্জাম ও স্পেশাল কুকুরের স্কোয়ার্ডের সহায়তা নেয়া হচ্ছে। গ্রিক পুলিশের মুখপাত্র কনস্টানতিনা দিমোগ্লিদৌ দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, ‘উদ্ধার অভিযান চালানো সহজ হচ্ছে না, কারণ ভবনের বড় একটি অংশ ধসে পড়েছে। নিরাপত্তার স্বার্থে পাশের ভবনগুলো খালি করা হয়েছে।’

হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়াবাড়ির জন্য পরিচিত ওই এলাকায় কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে এথেন্সের মেয়র হারিস দুকাস জানান, গ্যাসলাইন থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এএম