নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: রেললাইন এক দিনে ‘রিকভারি’ সম্ভব নয়, চালক পলাতক

লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস
লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস | ছবি: এখন টিভি
0

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, ট্রেনের আট চাকার অধিকাংশই ভেঙে গেছে এবং এক দিনে রিকভারি সম্ভব নয়। ট্রেনের চালক পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটির ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি নিলে, স্টেশন ছাড়ার কিছু সময় পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুর্ঘটনা সান্তাহার ও আদমদীঘির মধ্যবর্তী এলাকায় ঘটেছে। আহতদের সংখ্যা এখনো নিশ্চিত নয়; বিস্তারিত পরে জানানো হবে।

দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বগি লাইনচ্যুত হওয়ায় সান্তাহার জংশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। খুলনা থেকে আসা রুপসা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে, রাজশাহী থেকে আসা বরেন্দ্র এক্সপ্রেস এবং ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেস সান্তাহার জংশনে আটকা পড়েছে।

এনএইচ