মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরার মাগুরা এলাকার মহাদেব চন্দ্র সাধুর কথিত ম্যানেজার মনোজ কুমার সরদার বাদী হয়ে ইসমাইল হোসেন রতনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।
আসামিপক্ষের আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল বলেন, ‘এই মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। অভিযোগে সাত মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে চুরির মামলা করা হয়েছে। অথচ ওই সময় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করা হয়নি। পরবর্তীতে হঠাৎ করে মামলা দায়ের করা হয়েছে, যা প্রশ্নের জন্ম দেয়।’
আরও পড়ুন:
তিনি আরও দাবি করেন, মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বহু মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন সময় মামলা দিয়ে মানুষকে হয়রানি করে থাকেন। পরিবর্তিত প্রেক্ষাপটে এ ধরনের ‘গায়েবি মামলা’ উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আসামি ইসমাইল হোসেন রতন আদালতে বলেন, ‘আমি ঢাকায় ব্যবসা করি। আমাকে হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাওনা টাকা চাওয়ার জেরেই এই মামলা দেয়া হয়েছে।’
তিনি অভিযোগ করেন, তার প্রতিষ্ঠান রাহাবার এগ্রো থেকে মহাদেব চন্দ্র সাধু ও তার সহযোগীরা প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকার দেশি-বিদেশি কৃষি উপকরণ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে টাকা পরিশোধ না করে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করেন এবং পাওনা টাকা চাইলে মামলা ও প্রাণনাশের হুমকি দেন।
তবে এ বিষয়ে মামলার বাদী মনোজ কুমার সরদারের বক্তব্য পাওয়া যায়নি।





