গাজীপুরে পুলিশের অভিযানে অপহরণকারীদের পলায়ন, ভিকটিম উদ্ধার

কাশিমপুর থানা
কাশিমপুর থানা | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কাশিমপুরে পুলিশের অভিযান টের পেয়ে সন্দেহভাজন অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীদের ধাওয়া দিয়ে হাত ও চোখ বাঁধা অবস্থায় মতিন নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। আজ (শুক্রবার, ২৭ মার্চ) দুপুরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. মতিন। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বাগবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সারদাগঞ্জ এলাকায় অন্য একটি মামলার আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার ফেলে তিনজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাদের আচরণে সন্দেহ হলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হাসান দ্রুত গাড়ি থামিয়ে তাদের পিছু নেন।

তবে ধাওয়া করেও তাদের আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ সদস্যরা অপহরণকারী চক্রের ফেলে রাখা ঢাকা মেট্রো-গ ২১-২৯৫২ নম্বরের প্রাইভেটকারটির কাছে ফিরে এসে ভেতরে এক ব্যক্তিকে চোখ ও হাত বাঁধা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে গাড়ির দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

ভুক্তভোগী মতিন জানান, শুক্রবার সকালে বাগবাড়ী এলাকায় একা থাকা অবস্থায় পাঁচজনের একটি দল তাকে জোরপূর্বক অপহরণ করে। তারা তার চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। পরে চক্রের দুইজন চলে গেলে বাকি তিনজন তাকে নিয়ে সারদাগঞ্জের সারাবো এলাকায় অবস্থান নেয়।

এ সময় অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা মতিনের শ্যালিকার মোবাইল নম্বরে ফোন করেও একই পরিমাণ টাকা দাবি করে। তবে কেন বা কারা তাকে অপহরণ করেছে, সে বিষয়ে ভুক্তভোগী স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি আরও জানান, অপহরণকারীদের সবার মুখে মাস্ক থাকায় কাউকেই শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হাসান বলেন, ‘একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে সন্দেহ হওয়ায় ফেলে রাখা গাড়ি তল্লাশি করে ভিকটিমকে উদ্ধার করা হয়।’

ইএ