দিনাজপুরে তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ভোগান্তি বাড়ছে যাত্রীদের

পাম্প তেলের জন্য লাইন
পাম্প তেলের জন্য লাইন | ছবি: এখন টিভি
0

দিনাজপুরে জ্বালানি তেলের সংকট কাটছেই না। অকটেন ও পেট্রোলের পাশাপাশি এবার ডিজেলের ঘাটতিও প্রকট হয়ে উঠেছে। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক, মালিক এবং সাধারণ যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী বাস শ্রমিকরা জানান, আগে যেখানে যাতায়াতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগত, বর্তমানে তা বেড়ে ১২ থেকে ১৪ ঘণ্টায় দাঁড়িয়েছে।

ঢাকা-দিনাজপুর রুটের বাসচালক মো. শফিক বলেন, ‘আগে একবারে তেল নিয়ে রওনা দিতাম। এখন সেটি সম্ভব হচ্ছে না। পথে পথে পাম্পে দাঁড়াতে হচ্ছে। এতে সময়ও নষ্ট হচ্ছে, আবার মানসিক চাপও বাড়ছে। যাত্রীরাও আমাদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু আমাদের কিছু করার নেই।’

আরও পড়ুন:

দিনাজপুরের অভ্যন্তরীণ রুটেও একই চিত্র দেখা গেছে। দিনাজপুর-হাকিমপুর (হিলি) সড়কে চলাচলকারী চালকরা জানান, প্রায় ৭৫ কিলোমিটার যাতায়াতে যেখানে ৪০ থেকে ৪৫ লিটার তেল প্রয়োজন, সেখানে তারা পাচ্ছেন মাত্র অর্ধেক। বাকি তেলের জন্য বিভিন্ন পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

একজন যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হচ্ছে। কোথাও তেল নেই, আবার কোথাও দীর্ঘ লাইন। আমাদের সময় নষ্ট হচ্ছে, ভোগান্তিও বাড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত।’

এ অবস্থায় যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে বলে জানা গেছে। তবে শ্রমিকরা জানান, জ্বালানি সংকট তাদের নিয়ন্ত্রণের বাইরে। পরিবহন মালিক ও শ্রমিকরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ইএ