যশোরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত শহর ও শহরতীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে। আজ (রোববার, ২৯ মার্চ) বিকেলে অভিযোগের ভিত্তিতে খুলনা বাসস্ট্যান্ড এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
এ সময় পাম্পের মেশিনে ‘তেল নেই’ সাইনবোর্ড দেখতে পায় আদালত। তাৎক্ষণিকভাবে রিজার্ভ ট্যাংকের মজু্ত পরীক্ষা করে ৮০০ লিটার তেল পাওয়া যায়। এ অপরাধে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন:
সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না। ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এদিকে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৮টি তেলের পাম্প পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশনে তেলের মজুত ও বিক্রয় কার্যক্রম পরীক্ষা করা হয়।
এসব পাম্পে তেলের মজু্ত ও বিক্রির হিসাব সন্তোষজনক পাওয়া গেছে। তবে ভবিষ্যতে যেন কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।





