স্থানীয়রা জানায়, গত শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পাকদী এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইতালি প্রবাসী মামুন হোসেনের বিয়ের বৌ ভাত অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁ’র ছেলে আকিব খাঁ এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
আরও পড়ুন:
তবে ওই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় হয়ে আকিব ও মঈন দুই কিশোর গ্যাং গ্রুপ সংগঠিত হয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাতে উভয়পক্ষ দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ এলাকা ছেড়ে গেলে ভোররাতে ফের তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





