দলটির প্রধান ও ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্য আহমাদ তিবি জানান, উগ্র ডানপন্থি সরকারকে হটাতে তারা বিরোধী জোটের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন এই বিরোধী শিবিরে রয়েছে ইয়াশার পার্টি, ইয়াইর লাপিদের ইয়েশ আতিদ, ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বি’ইয়াহাদ এবং আভিগদোর লিবারম্যানের ইসরাইল বেইতেনু।
আনাদোলুকে দেয়া এক লিখিত বিবৃতিতে আহমাদ তিবি বলেন, ‘আরব নাগরিকদের ব্যাপক উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য এক ঐতিহাসিক অর্জন। এটি ঐক্যের জন্য জনগণের আহ্বানে সাড়া দিয়েছে এবং প্রমাণ করেছে যে আমরা একটি নির্ণায়ক শক্তি, যাকে ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু ও বেন-গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা পরিবর্তনের ব্লকের দিকে আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি। এই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণ করা।’
এর আগে মধ্য ইসরাইলের তাইয়িবা শহরে সমর্থকদের এক সমাবেশে আহমাদ তিবি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভোটদানে বাধা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তা সত্ত্বেও আরব ভোটারদের আওয়াজই সবচেয়ে জোরালোভাবে প্রতিফলিত হয়েছে। এ সময় জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কড়া সমালোচনা করে তিনি বলেন, অপরাধী বেন-গভির আর পুলিশের দায়িত্বে থাকতে পারবেন না, তার দিন শেষ হয়ে এসেছে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে সাতটি কম। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পাওয়ার পথে রয়েছে। আর আরব দলগুলো পাচ্ছে ১৭টি আসন। এর মধ্যে প্রধানত আরব-অধ্যুষিত জয়েন্ট লিস্ট ১১টি এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম) ছয়টি আসনে জয়ের পূর্বাভাস পেয়েছে।





