ব্রাহ্মণবাড়িয়া সদরের ৬ গ্রাম নিয়ে নতুন ইউনিয়নের দাবি, আখাউড়ায় যুক্ত হওয়ার আগ্রহ

নতুন ইউনিয়ন গঠনে গণশুনানি
নতুন ইউনিয়ন গঠনে গণশুনানি | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব উঠেছে। প্রস্তাবিত নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ দাবিকে সামনে রেখে আজ (বুধবার, ২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বরিশল গ্রামে গণশুনানি অনুষ্ঠিত হয়। গ্রামের ঈদগাহ মাঠে আয়োজিত গণশুনানিতে ছয় গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, প্রস্তাবিত ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হবে বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি গ্রামকে। বর্তমানে এসব গ্রাম বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত। ওই ইউনিয়নে বর্তমানে মোট ১৬টি গ্রাম রয়েছে।

বাসিন্দাদের দাবি, ভৌগোলিকভাবে এসব গ্রামের সঙ্গে আখাউড়ার যোগাযোগ সবচেয়ে সহজ। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন প্রয়োজনেও তারা আখাউড়ার ওপর নির্ভরশীল।

আরও পড়ুন:

গণশুনানিতে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, ‘আখাউড়া যেতে আমাদের সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট। অথচ জেলা সদরে যেতে প্রায় এক ঘণ্টা লাগে। তাই আমরা দীর্ঘদিন ধরে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছি।’

এর আগে, চলতি মাসের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে নতুন ইউনিয়ন গঠনের আবেদন করা হয়। আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া। পরে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়।

গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘যারা আখাউড়ার সঙ্গে যুক্ত হতে চান, তাদের বক্তব্য শুনেছি। যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুবিধার বিষয়গুলো দেখেছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এসএইচ