অপরিপক্ব আম পাকিয়ে বাজারজাত, ৩ হাজার কেজি জব্দ

সাতক্ষীরায় অপরিপক্ক আম জব্দ
সাতক্ষীরায় অপরিপক্ক আম জব্দ | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরায় অপরিপক্ব অবস্থায় বাজারজাত করার সময় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করে বিনষ্ট করেছে যৌথ বাহিনী। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বিকেলে জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এসব আম জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, ইথিলিন নামক এক ধরনের প্রাকৃতিক হরমোন ব্যবহার করে অপরিপক্ব আম পাকিয়ে বাজারজাতের চেষ্টা করা হচ্ছিল।

কালিগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, অপরিপক্ব আম পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঢাকাগামী একটি পিকআপ থেকে ১৬৮ ক্যারেটে থাকা ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন:

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান বলেন, ‘ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।’

তবে জব্দকৃত আমে ঠিক কী ধরনের রাসায়নিক ছিল, তার মাত্রা কতটুকু এবং তা পরীক্ষাগারে যাচাই করা হয়েছিল কি না। এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

জেআর