পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জে অভিযান; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
4

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ (রোববার, ২৬ এপ্রিল ) পরিচালিত এ অভিযানে দুইটি বায়ুদূষণকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর। এতে পুলিশ, র‍্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জবাব টিটু বড়ুয়া।

অভিযানের সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারার আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সস্তাপুর, ফতুল্লা এলাকায় অবস্থিত জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে এক লাখ টাকা এবং কাঠেরপুল, ফতুল্লার এস আর নিট ডাইংকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

আরও পড়ুন:

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ুদূষণের অভিযোগ ছিলো এবং পরিবেশগত মানদণ্ড না মেনে কার্যক্রম পরিচালনার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত রাখা হবে বলেও তারা উল্লেখ করেন।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ রোধে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে দূষণকারী কারখানা, ইটভাটা ও অন্যান্য প্রকল্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এফএস