সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে ডুবছে ফসল

বাঁধ ভেঙে পানির নীচে ফসলি জমি
বাঁধ ভেঙে পানির নীচে ফসলি জমি | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে কিছু বোরো জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে উপজেলায় পাহাড়ি ঢল নামলে বৌলাই নদীর পানির চাপে ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে যায়।

মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্যমতে, বুধবার দুপুরে পাহাড়ি ঢল নামায় বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙে গেছে। যার আশেপাশে প্রায় ২৬ হেক্টর বোরো ধান ছিল। তারমধ্যে ১৫ হেক্টর কর্তন করা হয়েছে। বাকিগুলো পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষক খন্দকার মিয়া হারুন মিয়া বলেন, ‘কষ্ট করে ধানের চাষাবাদ করে লাভ হলো না। এ হাওরে প্রায় শতাধিক হেক্টর জমি ছিল। কিছু কর্তন সম্ভব হলেও সব পানিতে তলিয়ে গেছে।’

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন, ‘পাহাড়ি ঢলে বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙেছে। যদিও এটা উপজেলা প্রশাসনের আওতায় নয়। এটা স্থানীয়রা নিজ উদ্যোগে নির্মাণ করে রাস্তা হিসেবে ব্যবহার করেছে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, ‘মধ্যনগরে ঝিনারিয়া হাওরে বাঁধ ভেঙেছে। তবে এটি বাঁধ নয় রাস্তা। পাশাপাশি এটা আমাদের প্রকল্পের আওতা ভুক্ত নয়।’

এএইচ