কুমিল্লায় ওয়াসা প্রতিষ্ঠায় গেজেট ৭ দিনের মধ্যে: এমপি মনিরুল হক

এমপি মনিরুল হক
এমপি মনিরুল হক | ছবি: এখন টিভি
1

কুমিল্লা নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও সরবরাহ সমস্যার সমাধানে (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) ওয়াসা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা ওয়াসার গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী।

আজ (শনিবার, ২ মে) কুমিল্লায় তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি কুমিল্লা শহরের জলাবদ্ধতা, যানজট এবং নির্বাচন পরবর্তী ‘আমার স্বপ্ন, আমার কুমিল্লা’ পরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ও সরবরাহ ব্যবস্থার টেকসই সমাধানের জন্য ওয়াসা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ইতোমধ্যে সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে এবং সরকার এতে সম্মতি দিয়েছে। ওয়াসা কার্যক্রম শুরু হলে নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান সম্ভব হবে।’

যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লায় যানজট এখন মহামারীর মতো আকার ধারণ করেছে। সিটি করপোরেশন তাদের সীমিত ক্ষমতা দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে, তবে এটি যথেষ্ট নয়। এরই মধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয়েছে। তাদের কার্যক্রম শুরু হলে প্রধান সড়কগুলোতে ডাবল লেন, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণসহ সমন্বিত পরিকল্পনা নেয়া সম্ভব হবে। পাশাপাশি বিকল্প পরিবহন ব্যবস্থা চালু, পরিবহনের বৈধতা নিশ্চিতকরণ এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া যানজট নিরসনের বিকল্প নেই।’

আরও পড়ুন:

এদিকে বিভাগ, বিমানবন্দরসহ কুমিল্লা মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুমিল্লা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি শিগগিরই এ বিষয়ে সময় নির্ধারণ করে আমাকে জানাবেন বলেছেন।’

প্রধানমন্ত্রীর এ সফরে কুমিল্লা বিভাগ গঠন, বিমানবন্দর চালু এবং ঢাকা-কুমিল্লা রেলপথ ডাবল লাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও আশ্বস্ত করেন তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৫০০ শয্যা বাড়ানো হবে। নতুন এ শয্যাগুলো গোমতী নদীর উত্তর পাড়ে স্থানান্তর করা হবে। একইসঙ্গে কুমিল্লা সদর উপজেলার উপজেলা পরিষদ স্থানান্তরের সঙ্গে সেখানে নির্মাণ করা হবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গোমতীর উত্তর পাড়ের বাসিন্দাসহ আশপাশের উপজেলার মানুষ উপকৃত হবেন।

মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ