অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুলাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শহিদুল ইসলাম বাবুল এবং নায়ক ইউসুফ।
এসময় অনুষ্ঠানে বক্তারা জানান, ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চালুর ফলে এ অঞ্চলের শিক্ষার্থী, কলেজ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, সনদ উত্তোলন, তথ্য সংশোধন ও শিক্ষাসংক্রান্ত সেবা দ্রুত ও সহজে পাওয়া যাবে।
আরও পড়ুন
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুলাহ বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। ফরিদপুরে আঞ্চলিক অফিস স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কার্যকর সেবা পাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সেবাবান্ধব করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ আঞ্চলিক অফিস সেই উদ্যোগেরই একটি অংশ। আর নারীদের শিক্ষার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছেন। নারীদের ক্ষমতায়নে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ব দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে জনগণের জন্য জনগণের সেবায় কাজ করতে হবে, কারণ আমাদেরকে যারা ভোট দিয়েছে বা দেয়নি আমরা সবাই প্রতিনিধিত্ব করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





