মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি; দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটারে নেত্রকোণার মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত হঠাৎ থেমে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

এসময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ফাতেমানগর রেলস্টশনে আটকা পড়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে আউলিয়া নগর আউটার থেকে স্টেশনে নিয়ে আসলে প্রায় দুই ঘণ্টা পর ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। 

আওলিয়া নগর স্টেশন ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, বিকেল সোয়া চারটার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আউলিয়া নগর স্টেশনের আউটারে ট্রেনটি আটকে যায়। 

পরে কাছাকাছি স্টেশন ফাতেমা নগর থেকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আউলিয়া নগর স্টেশনে নিয়ে আসে। কমিউটার ট্রেনের ইঞ্জিনটি আবার ফাতেমা নগর স্টেশনে গিয়ে কমিউটার ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা-ময়মনসিংহ লাইন সচল হয়।

এদিকে সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে নিয়ে যায়।

এএইচ