বরগুনায় ধানক্ষেতে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা | ছবি: এখন টিভি
0

বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা মুকুন্দ বাইনের ধানক্ষেতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমতলী থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন:

হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান জানান, মৃত ওই নারীকে এলাকার কোনো মানুষ চিনতে পারেনি। তিনি কীভাবে বা কী উদ্দেশে ওই এলাকায় এসেছিলেন, সে বিষয়েও স্থানীয়রা কেউ কিছু বলতে পারছেন না।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মৃত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ রহস্যজনক মৃত্যুর ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশের তদন্ত ও চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ