নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৫ দিন পর দগ্ধ যুবকের মৃত্যু

আসিফ হোসেন
নারায়ণগঞ্জ
নিহত আসিফ ঢালী
নিহত আসিফ ঢালী | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন আসিফ ঢালী (২৫) নামে এক যুবক। নিহত আসিফ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. বোরহান উদ্দিন ঢালীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহতের বাবা বোরহান উদ্দিন জানান, গত ২৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার নিট কনসার্ন লিমিটেডের ২ নম্বর গেট সংলগ্ন কুদ্দুছ মিয়ার চারতলা ভবনের নিচতলায় একটি দোকানের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আসিফ গুরুতর অগ্নিদগ্ধ হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার, ৩০ মে) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান, তিতাস গ্যাস লাইনে প্লাস্টিকের একটি বন ফ্লাগ ছিল সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণের পরে ঘটনাটি আমাদেরকে জানানো হয়নি। আমরা খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ জনিত এ নিয়ে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারায়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এমরান আলী সজীব

এএইচ