বগুড়ার বিয়াম মডেলে সাবেক শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন লুব্ধক-১৮

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী দল ও শিক্ষকরা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী দল ও শিক্ষকরা | ছবি: এখন টিভি
0

আ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসএসসি ব্যাচ-২০কে (ঐকার্থ-২০) ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি ব্যাচ-১৮ (লুব্ধক-১৮)।

আজ (রোববার, ৩১ মে) বিকেল ৪টায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লুব্ধক-১৮। আক্রমণাত্মক ফুটবল খেলে তারা বিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নেয়।

টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য রেজওয়ান ইসলাম নিরব গোল্ডেন বুট অর্জন করেন। অন্যদিকে, পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাদিক চৌধুরী নির্বাচিত হন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’।

২০১৮ সালে এসএসসি দিয়ে বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে তারা। এর আগে, সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সবশেষ ফুটবল টুর্নামেন্টেরও চ্যাম্পিয়ন হয়েছিল লুব্ধক-১৮। এবার নিয়ে তারা পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।

আরও পড়ুন:

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান রক্তিম, সাধারণ সম্পাদক আকিব ইসলাম, সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আল মুক্তাদির সাদসহ সংগঠনের অন্যান্য নেতা ও সাবেক শিক্ষার্থীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৯ মে থেকে এ আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে এসএসসি ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন ব্যাচ অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এসএইচ