মন্ত্রীর পরিদর্শনের পরও হাসপাতালে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই চলছে সবগুলো ওয়ার্ড। অনেক ওয়ার্ডে গতকাল দুপুরের পর থেকে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। এদিকে মৌখিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর আজ সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।
সরজমিনে আজ হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন স্থানে এখনো ময়লা পানি ও বর্জ্য পড়ে আছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, আজও বাড়তি টাকা না দিলে মিলছে না চিকিৎসা সেবা। প্রত্যেকটি বেড নিতেই দিতে হচ্ছে টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি চাকরিপ্রার্থী যারা বিভিন্ন সরকারি দপ্তরে যোগদানের জন্য মেডিকেল রিপোর্ট করাতে হাসপাতালে এসেছেন তাদের থেকে বাড়তি টাকা নেয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। এক্সরে করাতে সরকারি ফি ২০০ টাকার স্থলে তাদের থেকে ৩০০ টাকা করে নেয়া হচ্ছে।
আরও পড়ুন:
এছাড়া অন্যান্য টেস্ট করাতেও হয়রানির শিকার হচ্ছেন বলে তাদের অভিযোগ। এ বিষয়ে দুজন ভুক্তভোগী সরাসরি সিভিল সার্জন এর কাছে গিয়েই অভিযোগ করেছেন। সিভিল সার্জন তাৎক্ষণিক বিষয়টি খোঁজ নিলে অতিরিক্ত টাকাগুলো তাদের ফেরত দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
হামের আইসোলেশন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে জানা যায়, সেখানেই গত তিন দিন কোন বিশেষজ্ঞ চিকিৎসক পরিদর্শন করেননি। মেডিকেল অফিসাররাই দিনে একবার রোগীদের দেখতে যান। সারা দিনে রোগীরা আর কোনো চিকিৎসকের দেখা পান না।
জসিম হোসেন নামে এক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, ‘আমরা এখানে এসেছি চিকিৎসা সেবা নিতে। গরমের ভেতর অনেক কষ্টে আমাদের এখানে থাকতে হয়। কিন্তু এখানে ডাক্তারদের দেখা পাওয়া যায় না। দিনে একবার মেডিকেল অফিসাররা আসেন। অন্য সময় আমাদের রোগীদের অবস্থা খারাপ হলেও তাদের আর পাওয়া যায় না। সবাই বাহিরে চেম্বার করা নিয়েই ব্যস্ত থাকেন। আমরা রোগীদের চিকিৎসার কথা ভেবে ভয়ে কিছু বলতেও পারি না।’
কোম্পানীগঞ্জের চর বালুয়া থেকে আসা আবু জাকের তার চার বছরের ছেলে জোবায়েরকে গত তিন দিন আগে হামের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল বেলা ১১টায় একবার ডাক্তার এসেছিল আজ সকাল দশটা বাজে এখন পর্যন্ত কোনো ডাক্তারের দেখা পাইনি।’
হাসপাতালে সার্বিক পরিস্থিতি নিয়ে নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, ‘আমি মৌখিকভাবে হাসপাতালের দায়িত্ব পেয়েছি। এখনো লিখিত কোনো অর্ডার পাইনি। তবুও আমি আজ সকাল ৯ টায় হাসপাতালে এসে এখানের চিকিৎসক সবার সঙ্গে কথা বলেছি। বিভিন্ন বিভাগে গিয়েছি এবং পুরো হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালে জনবল শংকট যেমন রয়েছে পাশাপাশি অনেক ধরনের অনিয়মও রয়েছে। আমরা অনিয়মগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। এবং অনিয়মগুলো চিহ্নিত করে এ ধরনের অনিয়মের সাথে যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’




