নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

নির্মাণাধীন ভবন
নির্মাণাধীন ভবন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দু’জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৭ জুন) বিকাল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপরজনের নাম সিয়াম। তার বাড়ি ঝিনাইদহ। ভবন নির্মাণ কাজের সুবাদে তারা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে একটি দশতলা ভবনের নির্মাণ কাজ চলছে প্রায় তিন বছর ধরে। প্রায় সাড়ে আট শতক জমিতে ১০ তলা ভবনটির কাজ চলছিল।

বুধবার বিকেলে ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বহুতল ভবনটির মালিক মো. বেলাল হোসেন জানান, ভবন নির্মাণের জন্য কনট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় তার কোনো ধরনের গাফিলতি নেই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএস