চট্টগ্রামে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, ৫ প্রতিবেশী আটক

নিহত শিশু মো. জায়হান
নিহত শিশু মো. জায়হান | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের পটিয়ায় অপহৃত হওয়ার দুদিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল গ্রামে শিশুটির নিজের বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৫ প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। তাদের বসতঘরের পেছন থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ শিশুর মরদেহ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়হান। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। ওই দিন বিকেল তিনটার দিকে ঘরের বিছানায় একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। যেখানে অপহরণকারী তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেআর