‎সমুদ্রে ইঞ্জিন বিকলের দুই দিন পর ৪ জেলেকে জীবিত উদ্ধার

উদ্ধার করা চার জেলে
উদ্ধার করা চার জেলে | ছবি: এখন টিভি
0

কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ (শুক্রবার, ১৯ জুন) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জন জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশে যাত্রা করে। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে।

আরও পড়ুন:

পরবর্তীতে আজ সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান জেলেরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টহলে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ