মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও আশপাশের এলাকায় বিমান হামলার বিকট বিস্ফোরণের শব্দ বাংলাদেশের টেকনাফ সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়। বিজিবি জানিয়েছে, সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দে সাময়িক উদ্বেগ তৈরি হলেও বর্তমানে সকাল থেকে টেকনাফ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন
পরপর কয়েক দফা বিস্ফোরণের শব্দে সীমান্ত-সংলগ্ন এলাকার অনেক বাড়িঘর কেঁপে ওঠে। হঠাৎ তীব্র কম্পন অনুভব করে অনেকেই প্রথমে ভূমিকম্প হয়েছে মনে করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতজুড়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিলো।
এ বিষয়ে বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দে সাময়িক উদ্বেগ তৈরি হলেও বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত আছে।’
সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, মিয়ানমারে সংঘর্ষ ও বিমান হামলার ঘটনায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা সীমান্ত পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।





