প্যান্টের পকেটে লুকানো কোটি টাকার স্বর্ণ; বিজিবির হাতে আটক পাচারকারী

স্বর্ণসহ আটক পাচারকারী
স্বর্ণসহ আটক পাচারকারী | ছবি : সংগৃহীত
0

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ ১ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দাইতলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৩৭০ টাকা নগদ জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম তৌফিকুর রহমান (৩৯)। তিনি যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

আরও পড়ুন:

বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এফএস