প্রধানমন্ত্রী হয়ে প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

প্রথমবারের মতো আগামীকাল (সোমবার, ১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ উপলক্ষে নেই কোন জাঁকজমক, বর্ষার কারণে হচ্ছে না জনসভাও। তবে সাংগঠনিক সভা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রিয় নেতাকে কাছে পাবার আনন্দে বিএনপি কর্মীরা বেশ উচ্ছ্বসিত। সাংগঠনিক সভায় স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে তার এ সফরে কোনো জাঁকজমক থাকবে না। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবে না কোনো অপব্যয়। সবকিছুই হবে স্বাভাবিক। তোরণ নির্মাণের বিষয়েও অনিহার কথা জানান বিএনপির এ নেতা।

বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন, বরিশালে উনি আসবেন বা যেকোনো জায়গায় যাবেন, সেখানে শত শত গেট হবে, তোরণ হবে; এখানে যে টাকাপয়সাটা খরচ হবে—এই টাকাপয়সাটার খরচটাকে একটা অপব্যয় বলে মনে করেন প্রধানমন্ত্রী।’

বরিশাল জেলায় সংসদীয় আসন ৬টি। সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। স্থানীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন, এ কারণে দলীয় প্রধান সন্তুষ্ট।

আরও পড়ুন

জেলা দক্ষিণ বিএনপি সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, ‘প্রধানমন্ত্রী বরিশালে বিএনপির উপর অত্যন্ত খুশি। আমরা আমাদের দাবির মধ্যে থেকেও আমরা উপস্থাপন করব—বরিশালের ছয় লেন রূপান্তরিত করা, ভোলা-বরিশালের সেতুকে বাস্তবায়ন করা, ভোলার গ্যাস বরিশালে আনা; এই সমস্ত দাবি আমরা উপস্থাপন করব।’

বর্ষার কারণে এবার বরিশালে থাকছে না কোন জনসভা। তবে সাংগঠনিক সভায় জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘প্রধানমন্ত্রী বরিশালের উত্তর-দক্ষিণ মহানগর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে একটা সাংগঠনিক সভা করবেন।’

প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, শঙ্কামুক্ত হবে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেয়া হবে না।’

প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসবেন। কর্মসূচি শেষে সড়ক পথে, একই দিনে ঢাকা ফিরবেন তিনি।

কীর্তনখোলা নদীতীরের বধ্যভূমি খালপাড়ে প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীর ভিড় জমে। এখানেই প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। ওই একই দিনে একই সময়ে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বাকি গাছের চারাগুলো রোপণ করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেআর