বজ্রপাতে নিখোঁজের ২ দিন পর ট্রলারের মাঝির মরদেহ উদ্ধার

ট্রলারের মাঝির মরদেহ উদ্ধার
ট্রলারের মাঝির মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলারের মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সমুদ্র সৈকত সংলগ্ন সমুদ্রে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় জেলে। পরে খবর পেয়ে হতভাগ্য জেলের মরদেহ স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

আরও পড়ুন:

এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফারি ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয় জেলে ও স্বজনদের মধ্যে জেলের মরদেহ ভেসে আসার খবর পাওয়ার পর উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

এসএস