অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা অংশ নেন।
অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ অবৈধ জালে দেশিয় প্রজাতির ছোট মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে রয়েছে। এর মধ্যে সাপ, ব্যাঙ, কাঁকড়া, কুঁচিয়া, শামুকসহ নানা প্রজাতির জলজ প্রাণী প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল।
উদ্ধারকারী দল জাল কেটে এসব প্রাণীকে মুক্ত করে পুনরায় জলাশয়ে অবমুক্ত করে। পরে জব্দ করা প্রায় আট হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত এলাকাবাসীকে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশিয় ছোট মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।
মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশিয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





