জামায়াতের এমপির ‘নারী কেলেঙ্কারি’র প্রতিবাদে যশোরে কুশপুত্তলিকা দাহ

নারী কেলেঙ্কারির প্রতিবাদে যশোরে কুশপুত্তলিকা দাহ
নারী কেলেঙ্কারির প্রতিবাদে যশোরে কুশপুত্তলিকা দাহ | ছবি: এখন টিভি
0

জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা ‘নারীঘটিত কেলেঙ্কারি’র অভিযোগের প্রতিবাদে যশোরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) শহরের দড়াটানা চৌরাস্তা মোড়ে সচেতন নারী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অভিযুক্ত এমপিকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে একাত্তরের তাদের (জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম) ভূমিকা দেখেছি। রাজাকার আল বদরদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমার মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছিল। বর্তমান ২০২৬ সালে আবারও তারা নতুনভাবে আবির্ভূত হয়েছে। জামায়াতের গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের মাধ্যমে সেটিই প্রমাণ করে।’

এ সময় যশোরের নারী নেত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান বলেন, ‘জামায়াত নেতা ও একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। মানুষের সামনে যখন তাদের এ জাতীয় অপকর্মের গোমর ফাঁস হয়ে যায়, তখন তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। গাজী নজরুল ইসলামের মতো একজন জনপ্রতিনিধির এমন নিন্দনীয় ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, নারী নেত্রী শামসুন নাহার পান্না, হাসিনা ইউসুফ, সেলিনা পারভীন শেলী, আনোয়ারা পারভীন আনুসহ অনেকে।

মানববন্ধন শেষে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেআর