কুষ্টিয়ার সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

পুশ ইনের চেষ্টা করা আটজন
পুশ ইনের চেষ্টা করা আটজন | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পুশ ইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।

আজ (শুক্রবার, ২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ৪৭ কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানিয়েছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরমেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী এবং দু’জন ট্রান্সজেন্ডার ছিলেন।

আরও পড়ুন:

বিজিবি আরও জানায়, বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। এতে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

এসএস