আজ (সোমবার, ২৭ জুলাই) সকাল ১০টার দিকে পানের ছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পানের ছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইমারজেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়।
অভিযান চলাকালে একদল ভূমিদস্যু ও দখলদার সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। হামলার সময় অভিযানে ব্যবহৃত সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজন হলে তাকে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় বন বিভাগের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এতে আমাদের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।
ডিএফও আরও বলেন, সংরক্ষিত বনভূমি দখল এবং সরকারি দায়িত্ব পালনরত বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





