আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিলনায়তনে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। একই খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। ফলে অর্থবছর শেষে ১৩০ কোটি টাকারও বেশি উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আসগর হোসেন এবং প্রধান হিসাব কর্মকর্তা হেমায়েত হোসেন।
বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে যেসব হোল্ডিং মালিক ছাদ বাগান করবেন, তারা ছবিসহ আবেদন করলে বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ কর ছাড়ের সুবিধা পাবেন।
আরও পড়ুন:
প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল খনন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবার মানোন্নয়ন। এসব কার্যক্রম বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।
বাজেটে আরও উল্লেখ করা হয়েছে, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২০ কিলোমিটার ট্রান্সমিশন পাইপলাইন ও ২৮০ কিলোমিটার বিতরণ পাইপলাইন স্থাপন করা হবে। পাশাপাশি ১৪টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (DMA) স্থাপন, ৩৫ হাজার হোল্ডিংয়ে পানির সংযোগ ও স্মার্ট মিটার স্থাপন এবং ৩৫ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া ৫ হেক্টর জমিতে পার্ক, খেলার মাঠ, গণপরিসর (ওপেন স্পেস) ও কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক সংহতি, কমিউনিটি সম্পৃক্ততা, যুবসমাজের বিকাশ এবং সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ২৭ নম্বর ওয়ার্ডে দু’টি পাম্প স্থাপন করা হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডে আরও দু’টি পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে ২৭টি ওয়ার্ডে দু’টি করে মোট ৫৪টি পাম্প স্থাপন করা হবে।
এছাড়া অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খাল, পুকুর ও গণপরিসর পুনরুদ্ধার ও সংস্কারের জন্যও বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।





