ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান | ছবি: সংগৃহীত
0

ময়মনসিংহের ১৪ উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ‘ডিসিজ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার লাভ করেছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তার সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং উপজেলা নির্বাহী অফিসারদের উপস্থিতিতে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ তেমনি প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

পুরস্কারপ্রাপ্ত শিক্ষায়তনগুলোর প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘লিড উইথ এক্সাম্পল। শুধু নির্দেশ দিলে হবে না, নিজের হাতে কাজ করে, উদাহরণ তৈরির মাধ্যমে নেতৃত্ব দিয়ে পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।’

ময়মনসিংহ জেলার সব নাগরিকের নাগরিক দায়িত্ববোধ সৃষ্টির নিমিত্ত ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে সব শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, ‘জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের সমন্বয়ে সপ্তাহে একদিন “ক্লিন সানডে” এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।’

আরও পড়ুন:

সমগ্র ময়মনসিংহবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে টেকসই পরিবেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের প্রধান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।

এসএস