নাসিমুল হক ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংসারের দায়িত্ব নিতে গিয়ে ২০০২ সালে তার পড়াশোনায় ছেদ পড়ে। এরপর দীর্ঘ সময় ধরে কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা কখনোই হারিয়ে যায়নি। কাজের ব্যস্ততার মধ্যেই নতুন করে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন নাসিমুল।
অবশেষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৬২ পেয়ে উত্তীর্ণ হন তিনি। আজ (সোমবার, ১০ আগস্ট) ফল প্রকাশের পর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
নাসিমুল হক বলেন, ‘আমার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং নিজে শিক্ষিত হতে এই বয়সে আবার পড়ালেখা শুরু করেছিলাম। ইচ্ছা থাকলে যেকোনো বয়সে সফল হওয়া সম্ভব। ইচ্ছে আছে সামনেও পড়াশোনা চালিয়ে যাওয়ার।’
নাসিমুলের এই সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারাও।
ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, ‘সংসার ও পেশার দায়িত্ব পালন করেও যে ৪৫ বছর বয়সে এত চমৎকার ফল করা সম্ভব— নাসিমুল হক তার অনন্য উদাহরণ।’





