বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ নিয়ে ভাবনায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং সামাল দেবেন কে? সাড়ে তিন বছর ধরেই নানা পরীক্ষা-নিরীক্ষার পরেও টাইগার ব্যাটারদের পারফরম্যান্সের গ্রাফ তলানির দিকে। আসন্ন বিশ্বকাপের আগে কন্ডিশন বিবেচনায় প্রোটিয়া কোচের দিকে বিশেষ নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যেখানে আছে হাশিম আমলা, মার্ক বাউচারসহ অভিজ্ঞ কিছু নাম। আবার পাকিস্তানি কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকেও আলোচনার টেবিলে রেখেছে ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের চেয়ারটা যেন মেরি গো রাউন্ডের খেলা। যেখানে দৃশ্যপটের বদল হচ্ছে নিয়মিত, কিন্তু ফলাফল শুন্যই থেকে যাচ্ছে।

শেষ ৩ বছরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ৫ দফায় এসেছেন ৪ জন। জেমি সিডন্স, ডেভিড হেম্প, মোহাম্মদ সালাউদ্দিন বা মোহাম্মদ আশরাফুল— কারো অধীনেই ২৫০ এর বেশি রান তাড়া করা হয়নি ওয়ানডে ফরম্যাটে।

এমন অবস্থায় বিসিবির রাডারে নতুন কোচ হিসেবে আছেন বেশকিছু বড় নাম। যার মাঝে সবচেয়ে নামী মুখ মার্ক বাউচার। প্রোটিয়া এ উইকেটরক্ষক নিজের ক্যারিয়ারে বদলে দিয়েছিলেন উইকেটরক্ষকদের ব্যাটিং দক্ষতার সংজ্ঞা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দুর্দান্ত সফল এখন পর্যন্ত।

আরও পড়ুন:

যদিও তাকে বাংলাদেশের দায়িত্বে আনার জন্য বেশ কাঠখড় পোড়াতে হবে বিসিবিকে। তবে আগ্রাসী মানসিকতার বাউচারকে না পেলে বিকল্প হিসেবে ক্লাসিকাল ব্যাটার হাশিম আমলাকেও বিবেচনায় রেখেছে বোর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ আর ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক এ ওপেনারের। বাউচারের মতো বড় না হলেও হাশিম আমলারও আছে কোচিং অভিজ্ঞতা।

সেইসঙ্গে আছে মোহাম্মদ ইউসুফের নামও। সাবেক পাকিস্তান গ্রেটের অভিজ্ঞতা বাকি সবার চেয়ে অনেক বেশি, বেতনও তুলনামূলক কম। কিন্তু বিশ্বকাপের সময় বিবেচনায় এই রেসে কিছুটা পিছিয়ে তিনি।

তবে ঘনঘন এমন কোচ নিয়োগই ব্যাটিংয়ের চিত্র বদলে দেবেন বলে বিশ্বাস করেন না বাংলাদেশের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। তার ভাষ্য, দেশি কোচ হোক বা বিদেশি, মাঠে খেলার জন্য খেলোয়াড়দেরই সবচেয়ে বেশি সিরিয়াস হতে হবে।

মেহরাব অপি বলেন, ‘কোচরা মাঠে খেলে দিয়ে আসবে না। কোচরা প্রতিপক্ষ বিবেচনায় তাদের পরিকল্পনা সাজান। কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের। খেলোয়াড়রা সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে কি না, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে।’

ক্রিকেট বোর্ডের গুঞ্জন বলছে, সব কোচের সঙ্গেই আপাতত চলছে প্রাথমিক আলোচনা। চলতি বছরের শেষভাগে বিসিবিতে দেখা যাবে নতুন কোনো বিদেশি কোচকে।

এসএইচ