গতকাল (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটার বাসিন্দা আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা সব জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, গত তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একপর্যায়ে ডুবে যায়। পরবর্তীতে ট্রলারটিকে সাগরে ভাসতে দেখে পাশে থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ট্রলারটির মালিকপক্ষকে বিষয়টি জানান।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সাগরে ভাসতে থাকা ৯ জেলেকে আশপাশের অন্যান্য ট্রলারের জেলেরা দ্রুত উদ্ধার করেন। তবে এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির উদ্যোগে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।





