টেকনাফে একরামুল হত্যা: সেনাকর্মকর্তাসহ ৪ জনকে গ্রেপ্তারের নির্দেশ

একরামুল হক ও আবদুর রহমান বদি
একরামুল হক ও আবদুর রহমান বদি | ছবি: এখন টিভি
0

২০১৮ সালে ক্রসফায়ারে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তখনকার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ও বর্তমান ৩ সেনাকর্মকর্তাসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আসামিরা হলেন দুই ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম ও মিফতাহ উদ্দিন আহমেদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে তাদের আনার পর গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলার বাকি ৭ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী কার্যক্রম ৭ সেপ্টেম্বর।

গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সেসময় পলাতক থাকা ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার থাকা তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।

পরে ২৭ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। সেখান থেকে মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। বাকি তিন আসামি অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন।

এএইচ