রাঙামাটিতে ৫ দিনব্যাপী প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু, অংশ নিয়েছেন ২৫০ স্কাউট

প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে জাতীয় পতাকা উত্তলনের সময়
প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে জাতীয় পতাকা উত্তলনের সময় | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো রাঙামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬ শুরু হয়েছে। এতে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট অংশগ্রহণ করেছেন। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। আজ (বুধবার, ২৬ আগস্ট) দুপুরে রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এ ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন।

ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন বলেন, ‘স্কাউটিং এমন একটা বিষয় যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিক গুনাবলী অর্জন করার জন্য সব কিছু শেখানো হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্কাউটদের ভূমিকা স্মরণ রাখার মতো।’

ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আঞ্চলিক উপ কমিশনার (নৌ অঞ্চল) এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষএম জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রথম দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।’

ক্যাম্পে অংশ নেয়া দেশের বিভিন্ন অঞ্চলের স্কাউটরা জানান, প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার জন্য অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিয়েছে তারা। আর নানা প্রতিকূল অবস্থায় কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় সে সব কথা ও বলেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এএইচএম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ও কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল, প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন, মেহেনাজ মুন্নিসহ অনেকে।

জেআর