ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫ গাছের চারা উপড়ে ফেললো দুর্বৃত্তরা

উপড়ে ফেলা ঘাছগুলো
উপড়ে ফেলা ঘাছগুলো | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে স্থানীয়রা কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় গিয়ে দেখেন এ ঘটনা।

এ ঘটনায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এই গাছগুলো বড় হলে ছায়া হয়ে মানুষকে উপকার করতো। এছাড়া অক্সিজেন পরিবেশের ভারসাম্য এগুলোতো আছেই। যারাই এ কাজ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বর্ধনে চলতি মাসের ৫ আগস্ট ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার থাকা অবস্থায় উদ্যোগ নেন গাছ লাগানোর।

এই উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আর এই রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন:

এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) রাতের আঁধারে কে বা কারা উপড়ে ফেলে যায়। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। একটি মহল তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএস