কান্তজীউ যুগল বিগ্রহের নৌ-যাত্রায় নৌকা ডুবে যুবকের মৃত্যু

দিনাজপুরের ঢেপা নদীতে ঐতিহ্যবাহী কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রা
দিনাজপুরের ঢেপা নদীতে ঐতিহ্যবাহী কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রা | ছবি: সংগৃহীত
1

দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রাকে কেন্দ্র করে মালবাহী নৌকা ডুবে সাক্ষর কুন্ডু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মাকলা সাহার ঘাট এলাকায় ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সাক্ষর কুন্ডু দিনাজপুর শহরের কালীতলা এলাকার সিন্টু কুন্ডুর ছেলে। তিনি একটি অটো রাইস মিলে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রায় ব্যবহৃত মালবাহী নৌকাটিতে সাক্ষরসহ ছয়জন ছিলেন। নদীর মাঝপথে নৌকাটি ডুবে গেলে অপর পাঁচজন সাঁতরে তীরে ওঠেন। তবে সাঁতার না জানায় সাক্ষর পানিতে তলিয়ে যান।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রায় ২৭৪ বছরের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর কান্তনগর মন্দির থেকে ঢেপা নদীপথে কান্তজীউ যুগল বিগ্রহকে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে নেয়া হয়। এ উপলক্ষে নদীপথে ভক্ত, স্বেচ্ছাসেবক ও মালামাল বহনে বিভিন্ন নৌকা চলাচল করে।

এএম